পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও ড্রেস কোড মেনে চলার নির্দেশ এসএমপি কমিশনারের
দৈনন্দিন
প্রকাশঃ ৩ আগস্ট, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন
সিলেটের শিক্ষার অতীত ঐতিহ্য ও সুনাম পুনরুদ্ধারে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, একসময় শিক্ষা ক্ষেত্রে সিলেট দেশের অন্যতম অগ্রসর অঞ্চল ছিল। সময়ের পরিবর্তনে সেই অবস্থান কিছুটা পিছিয়ে গেলেও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব।
সোমবার সকালে দক্ষিণ সুরমার জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ তৈরির নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজের নেতৃত্ব দেবে। তাই পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম এবং দায়িত্ববোধ গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সিলেট অঞ্চলের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদার, সরকারি মদন মোহন কলেজের অধ্যাপক মো. ফরিদ আহমদ, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি তমাল কান্তি দেব এবং সাবেক সভাপতি মো. আসাদ খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেন, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মোতাহার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা পর্ব শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।
জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সিসিক প্রশাসক, আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট শিক্ষা, সিলেটের শিক্ষার গৌরব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ