সিলেটে আরও চারদিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১ আগস্ট, ২০২৬ ১২:৪০ অপরাহ্ন
দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং উজানে ভারতের মেঘালয় ও পশ্চিমবঙ্গে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে সিলেট ও সুনামগঞ্জসহ সীমান্তবর্তী এলাকায় বৃষ্টির তীব্রতা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সুনামগঞ্জে। একই সময়ে সিলেটের কানাইঘাটে ১৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) শনিবার (১ আগস্ট) সকাল ৯টার তথ্য অনুযায়ী, গত এক দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সুনামগঞ্জে। এ ছাড়া কানাইঘাটে ১৬০ মিলিমিটার, ছাতকে ১২৫ মিলিমিটার, জাফলংয়ে ৯৮ মিলিমিটার, লালাখালে ৮১ মিলিমিটার, শেওলায় ৭৮ মিলিমিটার এবং লরেরগড়ে ৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে কক্সবাজারেও ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
উজানের পরিস্থিতিও ছিল প্রায় একই রকম। ভারতের মেঘালয়ের খলিহরিয়াতে ২০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ৯৫ মিলিমিটার, মেঘালয়ের উইলিয়ামনগরে ৮৯ মিলিমিটার, পশ্চিমবঙ্গের কোচবিহারে ৮৩ মিলিমিটার, মেঘালয়ের রাতাচেরায় ৮০ মিলিমিটার, চেরাপুঞ্জিতে ৬৫ মিলিমিটার এবং মাউসিনরামে ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর বেশির ভাগই ভারতের মেঘালয় থেকে নেমে এসেছে। ফলে উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে তার প্রভাব অল্প সময়ের মধ্যেই সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতার মাধ্যমে দেখা দিতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজান ও দেশের উত্তর-পূর্বাঞ্চলের বৃষ্টিপাতের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। নদ-নদীর পানির গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পূর্বাভাস ও সতর্কবার্তা দেওয়া হবে।
সিলেটে বৃষ্টি, সুনামগঞ্জে বৃষ্টি, মৌসুমী বৃষ্টিপাত, কানাইঘাটে ১৬০ মিলিমিটার বৃষ্টি, সুনামগঞ্জে ২৬০ মিলিমিটার বৃষ্টি, উজানে ভারী বৃষ্টি, মেঘালয়ে বৃষ্টি, বন্যা পূর্বাভাস