৩০ জুলাই ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

তারেক রহমান কি আমাদের মেরে ফেলতে চান? প্রশ্ন ডা. মাহমুদা মিতুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ জুলাই, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ন


সিলেট ও গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। তার অভিযোগ, সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েই এ হামলা চালানো হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহমুদা মিতু বলেন, ‘তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের, জুলাইয়ের তরুণ নেতাদের, আমাদের মেরে ফেলতে চান? শেখ মুজিব যেমন জাসদের নেতাদের মেরে ফেলেছিলেন, তারেক রহমানও কি আমাদের হত্যা করে একা রাজনীতি করতে চান? যদি তা-ই চান, তাহলে তিনি আমাদের স্পষ্ট করে বলুন।’


মাহমুদা মিতু বলেন, জুলাই আন্দোলনের নেতারা ধারাবাহিকভাবে হামলার শিকার হচ্ছেন। তার দাবি, এসব হামলার সঙ্গে ছাত্রদল ও বিএনপির নেতা–কর্মীরা জড়িত থাকলেও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


তিনি বলেন, ‘আমাদের হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে। এটি কেন্দ্রীয়ভাবে সংগঠিত হামলা। দুই দিন ধরে হামলা হচ্ছে, কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কোনো বক্তব্য নেই। কাউকে বহিষ্কারও করা হয়নি। বরং পুলিশকে বলা হয়েছে, তারা যেন নীরব থাকে।’


গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলার প্রসঙ্গ তুলে মাহমুদা মিতু বলেন, ‘আজ যেভাবে গাড়ির গ্লাস ভাঙা হয়েছে, তাতে ঘটনাস্থলেই কেউ মারা যেতে পারত। আরেকটি ইট লাগলে প্রাণহানিও ঘটতে পারত।’


একই সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার মতো করে তারেক রহমান এখন ছাত্রদলকে খুনি বাহিনীতে পরিণত করতে চান কি না, সেটি তিনি পরিষ্কার করে ঘোষণা দিন। যদি সেটিই হয়, তাহলে আমরাও সে অনুযায়ী প্রস্তুতি নেব।’


সারজিস আলম বলেন, ‘ছাত্রদলকে এভাবে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করা হবে, আমরা ভাবিনি। জানলে নিরাপত্তা নিয়েই চলাফেরা করতাম। পুলিশও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখেছে। এই পুলিশ বাংলাদেশের পুলিশের মতো আচরণ করেনি। আমাদের দমন করতে স্বৈরাচারী পথ বেছে নেওয়া হয়েছে।’


এনসিপির নেতারা জানান, ২০২৪ সালের জুলাই আন্দোলনে গোলাপগঞ্জে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের জন্য বুধবার দুপুরে সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা গোলাপগঞ্জে যান। এর আগে থেকেই গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় স্থানীয় ছাত্রদলের নেতা–কর্মীরা অবস্থান নেন। এনসিপির গাড়িবহর সেখানে পৌঁছালে তাঁরা ‘ভুয়া ভুয়া’ ও ‘এনসিপি ভুয়া’ স্লোগান দিতে থাকেন।


পরে মতবিনিময় অনুষ্ঠান শেষে নেতারা বের হওয়ার সময় গোলাপগঞ্জ পৌরসভার ফটকের কাছে নূর ম্যানশনের সামনে সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

তারেক রহমান, মাহমুদা মিতু, সারজিস আলম, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি, ছাত্রদল, গোলাপগঞ্জ হামলা, সিলেট, জুলাই পদযাত্রা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ