৩০ জুলাই ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন হতেই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ জুলাই, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন (সাকসু) আয়োজনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার ভাষ্য, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি থাকার পরও একটি পক্ষের বাধায় নির্বাচন আটকে আছে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন হতেই হবে।


বৃহস্পতিবার বিকেলে শাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এনসিপির পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সফরে এসে বিশ্ববিদ্যালয়ে এ মতবিনিময় সভায় অংশ নেন তিনি।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এসে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। এটা শুধু একটি বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়; এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন। শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন হতেই হবে।’


তিনি বলেন, দেশের অন্য কোথাও নির্বাচন হয়েছে কি না, সেটি বড় বিষয় নয়। শাবিপ্রবির শিক্ষার্থীদের নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ নিশ্চিত করতে হবে। এমন প্রতিনিধি নির্বাচিত হওয়া প্রয়োজন, যারা শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবেন এবং কারও কাছে নিজেদের স্বাধীনতা বিকিয়ে দেবেন না।


বক্তব্যে তিনি শাবিপ্রবির ঐতিহ্য ও শিক্ষার্থীদের ভূমিকার কথাও তুলে ধরেন। বলেন, দেশের প্রতিটি জাতীয় সংকটে ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান সব ক্ষেত্রেই শিক্ষার্থীদের অবদান রয়েছে। শাবিপ্রবির আন্দোলনে নিহত রুদ্র সেনের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের।


ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি কর্মসংস্থানের বিষয়েও গুরুত্বারোপ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরও অধিকাংশ শিক্ষার্থীর চাকরির নিশ্চয়তা নেই। শিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে হবে। একই সঙ্গে সিলেটে শিল্পকারখানা, হাইটেক পার্ক ও প্রযুক্তিভিত্তিক বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।


বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য একটি সহায়তা তহবিল গঠনের প্রস্তাবও দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার মতে, সিলেটের বিত্তশালী ব্যক্তি ও প্রবাসীদের সম্পৃক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ফাউন্ডেশন গঠন করতে পারে। সেখান থেকে দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি ও আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হবে।


বক্তব্যে ২০২৪ সালের আন্দোলনে নিহত ও আহতদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদ পরিবারের অনেকেই এখনো কষ্টে আছেন এবং আহতদের অনেকেই চিকিৎসাধীন। তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। তিনি শহীদদের বিচার এবং রাষ্ট্র সংস্কারের দাবিও পুনর্ব্যক্ত করেন।


নারীদের কর্মসংস্থানের বিষয়েও গুরুত্বারোপ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর অনেক নারী বিভিন্ন কারণে কর্মজীবনে যুক্ত হতে পারেন না। নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে।


বক্তব্যের শেষদিকে তিনি বলেন, শাবিপ্রবি নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে। শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে শুধু বিশ্ববিদ্যালয় নয়, দেশের পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা ভয় পাবেন না। নেতৃত্বের স্টিয়ারিং নিজেদের হাতে নিন। শাবিপ্রবি থেকেই পরিবর্তনের নেতৃত্ব আসতে পারে।’


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, সাকসু, শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন, নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, জুলাই পদযাত্রা, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ