৩০ জুলাই ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

ছাত্রদল হামলা করছে, পুলিশ দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখছে: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ জুলাই, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন


গোলাপগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘রড দিয়ে মেরে এটা (কাচ) ভাঙছে। ভাঙার পরে এখানে তো পুরো গাড়ি এখন ওপেন। দ্বিতীয় আরেকটা ইট যদি মারত, এখানে আমরা ছয় জন ছিলাম—সংসদ সদস্য ছিল, আমি নিজেও ছিলাম। ছয় জনের যে কাউকে যদি আরেকটা ইট এসে লাগত, লোকটা তো সাথে সাথে স্পটেড (বা স্পট ডেড) হইতো।’

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেট সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনার মতো করে তারেক রহমান এখন ছাত্রদলকে খুনি বাহিনী বানাইতে চায় কিনা—এটা তারেক রহমান সরাসরি বলুক।’

 

তিনি বলেন, ‘যদি বাহিনী বানায়ে দেয়, তারেক রহমান ঘোষণা দিক; আমরা তাহলে ওভাবে প্রস্তুতি নিব। আমরা তো ভাবি নাই যে ছাত্রদলকে তারেক রহমান এভাবে সন্ত্রাসী জিনিস ব্যবহার করবে; আমাদেরকে ওই প্রটেকশন নিয়ে চলতে হবে।’ 

 

পুলিশের সমালোচনা করে সারজিস বলেন, ‘পুলিশ তো এখানে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখছে, আর কিছুই না। সামনে পুলিশের এক-দুই গাড়ি থাকে, পিছনে এক-দুই গাড়ি থাকে, আবার ৫০ জন পুলিশ দাঁড়ায়ে থাকে; সবাই নাটক দেখে। এই যে এরা (ছাত্রদল, যুবদল) ইট ছুটতেছে, এরা যে রড দিয়ে হামলা করতেছে, চাপাতি দিয়ে হামলা করতেছে—একজনকে তো বাধা দিতে হবে! কোনো বাধা দেওয়ার কোনো নাম নাই।’

 

হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা দেখছেন, আমাদের এক ভাই আলিফ, ১৮ বছরের একটা ছেলে, চোখটা রড দিয়ে—মানে রড দিয়ে আঘাত করে পর্যন্ত নষ্ট করে দিছে। এখন পর্যন্ত একটাকেও হবিগঞ্জে গ্রেপ্তার করা হয় নাই। তাহলে এই পুলিশ হইল এখন বাংলাদেশের পুলিশ না; এটা হচ্ছে তারেক রহমানের পেটুয়া পুলিশ। এখানেও ওই পুলিশের একই ভূমিকা। তাহলে তারেক রহমান বলুক—সে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। তাইলে আমরা আমাদের মতো আমরা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব। আমরা আমাদের রাজনীতি ঠিক করব যে কিভাবে রাজনীতি করা লাগে।’

 

তিনি আরও বলেন, ‘এটা আমরা আমাদের জায়গা থেকে এখন কথা বলে সিদ্ধান্ত নিয়ে জানাব। কিন্তু তারা যেটা শুরু করেছে—না, তাহলে দেখেন আপনি, আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রোগ্রামটা করতে চাই; তারেক রহমানের ছাত্রদলের, বিএনপির সন্ত্রাসীরা প্রোগ্রামটা করতে দিতেছে না। তাহলে আমরা তাদের বিরুদ্ধে কতটুকু কথা বলব, এটা কি তারা ঠিক করে দিবে? বিরোধী দল কী কথা বলবে, তারা ঠিক করবে? তারা আমাদের বিরুদ্ধে কথা বলুক; আমাদের কথা যদি অযৌক্তিক হয়, জনগণ আমাদেরকে বয়কট করবে। কিন্তু তারা তা না করে সন্ত্রাসী এবং এই ধরনের স্বৈরাচারী পথ তারা বেছে নিতেছে আমাদেরকে দমন করার জন্য, রক্তাক্ত করার জন্য।’


এর আগে বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে।


এনসিপির দাবি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলার সময় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানও দেওয়া হয়। দলটির অভিযোগ, গোলাপগঞ্জ পৌর এলাকার চৌমুহনী এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া হামলাকারীরা বহরে ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায় এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সারজিস আলম, এনসিপি, গোলাপগঞ্জ, তারেক রহমান, ছাত্রদল, যুবদল, গাড়িবহরে হামলা, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ