
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি রতন কুমার অধিকারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক সনি রহমান।
সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আলিম, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, মুসলিমনগর সূর্য তরুণ সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি দেলোয়ার হোসেন দুলু, অভিভাবক বিল্লাল হোসেন এবং রুকুন উজ্জামান রুকু।
সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, একটি আদর্শ ও উন্নত সমাজ গঠনে সুশিক্ষার বিকল্প নেই। মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর পরিবেশ বজায় রাখতে আমাদের এডহক কমিটি আন্তরিকভাবে কাজ করে যাবে। তবে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবক—উভয়কেই সমান দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয়টি উপজেলার একটি অন্যতম বিদ্যাপীঠ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এডহক কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
গোয়াইনঘাট, মুসলিমনগর উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশ, এডহক কমিটি, রতন কুমার অধিকারী, সনি রহমান


