হবিগঞ্জের মানুষ যদি মারে, ধরে নেব এটি আমার কামাই: হাসনাত আব্দুল্লাহ
রাজনীতি
প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৬ ৭:০৫ অপরাহ্ন
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর এবার সিলেটের ওসমানীনগরে দলটির পদযাত্রা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার গোয়ালাবাজারে এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ অবস্থায় শান্তিপূর্ণভাবে কর্মসূচির প্রত্যাশা করলেও উদ্বেগের কথা জানিয়েছেন দলটির নেতারা। তবে এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি করা হবে।
‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানকে সামনে রেখে সারাদেশে ধারাবাহিক পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। এর অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই ) সন্ধ্যা ৬টায় ওসমানীনগরের গোয়ালাবাজারে পদযাত্রা শেষে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনসিপি সূত্রে জানা গেছে, পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ এবং প্রধান সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী উপস্থিত থাকবেন।
এদিকে পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন উপজেলা এনসিপির সদস্যসচিব মনিরুল সাকিব।
তিনি বলেন, আমরা আশা করছি শান্তিপূর্ণ ভাবে আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী ডিম নিক্ষেপের কথা উল্লেখ করে পোস্ট দিচ্ছেন। আবার ছাত্রদলের কিছু নেতাকর্মী সরকারের বিরুদ্ধে বক্তব্য দিলে ব্যবস্থা নেওয়ার বিষয়ে লেখালেখি করছেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েব আহমদ বলেন, ‘আমরা একটি আদর্শ নিয়ে রাজনীতি করি। কাউকে আঘাত করিনি। আমরা গঠনমূলক রাজনৈতিক আচরণে বিশ্বাস করি। তবে কেউ যদি হিংসাত্মক বা উসকানিমূলক বক্তব্য দেন এবং তাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্ঠি হয়, তাহলে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।’
তিনি বলেন, ‘আশা করি, এনসিপির নেতারাও দায়িত্বশীল বক্তব্য দেবেন এবং কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে।’
সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনাকে নিয়ে কোনো উসকানিমূলক বক্তব্য দেওয়া হলে যুবদল তার কড়া জবাব দেবে।’
এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘ওসমানীনগরে এনসিপির কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কর্মসূচিকে ঘিরে পুলিশের কড়া নজরদারি থাকবে।’
ওসমানীনগর, এনসিপি, পদযাত্রা, হবিগঞ্জ সংঘর্ষ, গোয়ালাবাজার, ছাত্রদল, পুলিশ, সিলেট রাজনীতি