শিক্ষাব্যবস্থায় সব ধরনের পরিবর্তন আনার কার্যক্রম চলছে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
দৈনন্দিন
প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জের এক প্রধান শিক্ষিকার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও নিয়ে চলমান সমালোচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তার ভাষ্য, একজন মানুষ বাতাসে দাঁড়িয়ে গান শুনছেন এটিকে বিতর্কের বিষয় বানানোর কোনো কারণ তিনি দেখেন না।
মঙ্গলবার দুপুরে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের ভিডিও প্রসঙ্গে জানতে চাইলে ববি হাজ্জাজ বলেন, ‘এটা নিয়ে কোনো কথা হবে না। একজন মানুষ বাতাসের ভিতর দাঁড়িয়ে গান শুনছে, এটা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে?’
তিনি বলেন, ‘আজ আমি আপনাদের সঙ্গে কথা বলছি। আপনারা যদি বলেন, ‘কথা বলল কেন’, তাহলে সেটাও কি আলোচনা-সমালোচনার বিষয় হবে?’
এ বিষয়ে গণমাধ্যমের ভূমিকাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘এটা নিয়ে আলোচনা-সমালোচনা আপনারাই করেছেন। জনগণ বা অন্য কেউ করছে না।’
সম্প্রতি বৃষ্টির একটি গানের সঙ্গে ধারণ করা একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন বিউটি রানী পাল। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে নিয়ে সমালোচনা, ট্রল ও ব্যক্তিগত আক্রমণ শুরু হয়। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে।
তবে এর পাল্টা প্রতিক্রিয়াও দেখা যায়। দেশের বিভিন্ন এলাকার শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একই ধরনের ভিডিও প্রকাশ করে তার প্রতি সংহতি জানান এবং সাইবার বুলিংয়ের প্রতিবাদ করেন।
মঙ্গলবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিউটি রানী পাল তার পাশে দাঁড়ানো শিক্ষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি 'শিক্ষক সুরক্ষা আইন-২০২৬' প্রণয়নের দাবি জানান, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক সাইবার বুলিং বা অনলাইন হয়রানির শিকার না হন।
বিউটি রানী পাল ২০২৬ সালে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। এ ঘটনায় গত সোমবার ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
ববি হাজ্জাজ, বিউটি রানী পাল, ফেঞ্চুগঞ্জ, সিলেট, প্রধান শিক্ষিকা, ভাইরাল ভিডিও, শিক্ষক, শিক্ষক সুরক্ষা আইন, সাইবার বুলিং