২৮ জুলাই ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সিলেটে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন


সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন।


সোমবার সকাল ১১টার দিকে হাটখোলা ইউনিয়নের দিঘীরপার গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল্লাহকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের ফারুক আহমদ বদুল্লার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক আহমদ বদুল্লার পরিবারের সঙ্গে প্রতিবেশী মবশ্বির আলীর পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার বিরোধপূর্ণ একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবীব বলেন, জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


ওসি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ হয়নি। তবে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট সংঘর্ষ, হাটখোলা সংঘর্ষ, সিলেট সদর, দিঘীরপার, বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, জমিজমা বিরোধ, সিলেটে যুবক নিহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ