২৬ জুলাই ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

৪ বছরেও সংস্কার হয়নি হাছননগর সড়ক, দুর্ভোগে ৫০ গ্রামের মানুষ

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৬ জুলাই, ২০২৬ ৪:২৩ অপরাহ্ন


সুনামগঞ্জ পৌরসভার হাছননগর এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়ক দীর্ঘ তিন থেকে চার বছর ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, উঠে যাওয়া কার্পেটিং ও খানাখন্দের কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন আশপাশের প্রায় ৫০টি গ্রামের হাজারো মানুষ। বৃষ্টির সময় গর্তে পানি জমে যাওয়ায় কোথায় রাস্তা আর কোথায় গর্ত, তা বোঝা যায় না। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।


স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, হাছননগর, নতুন হাছননগর, গুজাউরা, আলমপুর, বুড়িস্থল ও যোগীরগাঁওসহ আশপাশের দুটি ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামের মানুষের জেলা শহরে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এটি। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ পথ ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও রোগীরা। পাশাপাশি পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় ব্যবসায়ীদের ব্যয়ও বেড়েছে।


হাছননগর এলাকার বাসিন্দা নুরুল হক বলেন, নিয়মিত পৌরকর দেওয়ার পরও নাগরিক হিসেবে ন্যূনতম সেবা পাচ্ছেন না তারা। বৃষ্টির দিনে ভাঙা সড়কের কারণে যানবাহন চলাচল করতে চায় না। ফলে শিক্ষার্থীদের অনেক সময় মাঝপথে নেমে হেঁটে গন্তব্যে যেতে হয়।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া হাছননগর সড়ক

স্থানীয় বাসিন্দা আবুল মিয়া বলেন, বৃষ্টি হলেই সড়কটি দিয়ে হাঁটা কঠিন হয়ে পড়ে। একাধিকবার পৌরসভায় অভিযোগ জানিয়েও কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।


শামীম আহমদ নামের আরেক বাসিন্দা বলেন, শুধু হাছননগর নয়, আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষও জেলা শহরে যেতে এই সড়কের ওপর নির্ভরশীল। সদর হাসপাতালে যাতায়াতের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পথ। অথচ দীর্ঘদিনেও সড়কটি সংস্কারের উদ্যোগ বাস্তবে দেখা যাচ্ছে না।


স্থানীয় ব্যবসায়ী শহীদ মিয়া বলেন, ভাঙা সড়কের কারণে ট্রাক ও পিকআপচালকেরা মালামাল আনতে অনীহা দেখান। এতে পরিবহন ব্যয় বাড়ছে। অনেক সময় রিকশায় পণ্য পরিবহনের সময় কাদাপানিতে পড়ে মালামাল নষ্ট হয়ে যায়।


অটোরিকশাচালক মামুন মিয়া বলেন, প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে গাড়ির ক্ষতি হচ্ছে। দুর্ঘটনার ঝুঁকি থাকায় অনেক চালকই এ পথে যাত্রী পরিবহন করতে চান না।


আরেক চালক মাছুম বলেন, গর্ত এড়িয়ে গাড়ি চালাতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। কয়েক দিন আগে তাঁর সিএনজিচালিত অটোরিকশা থেকে এক নারী যাত্রী ছিটকে পড়ে হাত ভেঙেছেন। এমন ঘটনা প্রায়ই ঘটছে বলে দাবি করেন তিনি।


এ বিষয়ে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, হাছননগর সড়ক সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। ইতিমধ্যে সড়কটি পরিদর্শনও করা হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে বলে তিনি জানান।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, হাছননগর সড়ক, সুনামগঞ্জ পৌরসভা, ভাঙা রাস্তা, সড়ক সংস্কার, হাছননগর, সুনামগঞ্জ সংবাদ, সড়কের দুর্ভোগ, কালী কৃষ্ণ পাল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ