কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সংকটাপন্ন বিরল প্রজাতির লজ্জাবতী বানর
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৬ জুলাই, ২০২৬ ৩:৫২ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি চা বাগান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর। প্রাণীটির শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। বর্তমানে এটি চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার সকাল ৯টার দিকে কমলগঞ্জ উপজেলার জেরিন চা বাগান এলাকায় দগ্ধ অবস্থায় প্রাণীটিকে দেখতে পান চা শ্রমিক খোকন মাদ্রাজি ও সাগর কাহার। পরে তারা বাগান কর্তৃপক্ষকে বিষয়টি জানালে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বানরটিকে উদ্ধার করেন।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী স্কাউট তাজুল ইসলাম জানান, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে লজ্জাবতী বানরটির চোখ, মুখ, ঠোঁট, চিবুকসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে।
উদ্ধারের পর প্রাণীটিকে জানকিছড়া উদ্ধার কেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে জার্মানিভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা প্লাম্পলোরিস ই ভি বাংলাদেশ–এর কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল চিকিৎসা দিচ্ছে।
সংস্থাটির ডেপুটি ম্যানেজার মোহাম্মদ ফায়াজ হাসান বলেন, উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক শকে বানরটি গুরুতর আহত হয়েছে। বর্তমানে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতি বা অবনতির বিষয়ে পর্যবেক্ষণ শেষে নিশ্চিতভাবে বলা যাবে।
বিশেষজ্ঞদের মতে, লজ্জাবতী বানর (Nycticebus) একটি নিশাচর প্রাইমেট, যা আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় সংকটাপন্ন (Endangered) প্রজাতি হিসেবে তালিকাভুক্ত।
বাংলাদেশ ওয়াইল্ড অ্যানিমেল কেয়ার ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, লজ্জাবতী বানর মূলত পোকামাকড়, ছোট সরীসৃপ, পাখির ডিম, ফল, গাছের আঠা ও ফুলের মধু খেয়ে বেঁচে থাকে। বনাঞ্চলে এসব খাদ্যের প্রাপ্যতা কমে যাওয়ায় প্রাণীটি ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নেটওয়ার্ক সদস্য নুরুল মুহাইমিন মিল্টন বলেন, পুরোনো গাছ নির্বিচারে কাটার ফলে লজ্জাবতী বানরের আবাসস্থল ও খাদ্যের উৎস সংকুচিত হচ্ছে। ফলে খাদ্যের সন্ধানে বনাঞ্চল ছেড়ে লোকালয়ের দিকে চলে আসছে তারা। এতে বিদ্যুতের তারে স্পৃষ্ট হওয়ার মতো দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।
লজ্জাবতী বানর, কমলগঞ্জ, মৌলভীবাজার, লাউয়াছড়া, বন্যপ্রাণী, বিদ্যুৎস্পৃষ্ট বানর, জানকিছড়া উদ্ধার কেন্দ্র, প্লাম্পলোরিস ই ভি বাংলাদেশ, আইইউসিএন, বিপন্ন প্রাণী