গত সতেরো বছরে বিভিন্ন সময় আমি ছাত্রদল ও অন্যান্য সংগঠনের পাশে ছিলাম: শাবি উপাচার্য
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ড. মো. খায়রুল ইসলাম বলেছেন, ‘আমি শাবিপ্রবি ক্যাম্পাসকে একটি সম্পূর্ণ বৈষম্যহীন, গণতান্ত্রিক, মেধাভিত্তিক এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এখানে এসেছি।’
তিনি বলেন, ‘আমরা সবাই এই বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্রসংগঠন রয়েছে, যার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলও একটি। বিগত ১৭ বছর ধরে তাদের ওপর নানা ধরনের দমন-পীড়ন চলেছে। জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময় আমি ছাত্রদল এবং অন্যান্য সংগঠনের পাশে ছিলাম।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জুলাই শহিদ দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনের গ্যালারি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আমাদের প্রত্যাশা, ছাত্রদল সততা ও আদর্শকে ধারণ করবে। এর কোনো বিকল্প নেই। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও কর্মধারা দেখছেন। তিনি একজন রোল মডেল। তিনি আচরণে বিনয়ী এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমাদেরও ভালো কাজ করতে হবে। আপনাদের কোনো ভালো আইডিয়া থাকলে অবশ্যই আমাদের জানাবেন। সবার সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতাই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম শাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. মোঃ আশরাফ উদ্দিন।
শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম সরকারের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সালমা আখতার, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহ. মিজানুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরাদ, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমদ, গণিত বিভাগের অধ্যাপক মোঃ মতিয়ার রহমান, বাংলা বিভাগের অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম এবং শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন।
শাবিপ্রবি, ড. মো. খায়রুল ইসলাম, ছাত্রদল, জুলাই শহিদ দিবস, স্মরণসভা

