মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও পাঁচ অন্ধ পরিবারের পাশে জেলা প্রশাসন
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৬ ১০:০১ অপরাহ্ন
মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ ও পাঁচটি অন্ধ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ জুলাই) রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল শিকদার এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
একই দিনে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সইয়ারপুর গ্রামেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভির হোসেন এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি সহায়তা কার্যক্রম চলমান থাকবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ ও মানবিক সহায়তা দেওয়া হবে।
মৌলভীবাজার, রাজনগর, বন্যা, ত্রাণ বিতরণ, জেলা প্রশাসন