১৫ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৬ ১:৫৫ অপরাহ্ন


টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির মধ্যে সুনামগঞ্জে কিছুটা স্বস্তির আভাস মিলেছে। মঙ্গলবার সকাল থেকে আকাশে রোদের দেখা মেলার পাশাপাশি জেলার বিভিন্ন নদ-নদীর পানিও ধীরে ধীরে নামতে শুরু করেছে। এতে প্লাবিত এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।


সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জেলার অধিকাংশ নদ-নদীর পানির উচ্চতা এখন কমতির দিকে। তবে ছাতক পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও আগের দিনের তুলনায় পানির উচ্চতা কমেছে।


অন্যদিকে, সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যাদুকাটা নদীর লাউড়েরগড় ও দিরাই পয়েন্টেও পানির উচ্চতা হ্রাস পেয়েছে বলে জানিয়েছে পাউবো।


গত কয়েক দিনের টানা বর্ষণ এবং ভারতের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলে জেলার সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাইসহ প্রায় সব নদ-নদীর পানি দ্রুত বাড়তে থাকে। এতে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ডুবে যায় বহু গ্রামীণ সড়ক, ব্যাহত হয় যোগাযোগ এবং দুর্ভোগে পড়েন নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দারা।


তবে সোমবার বিকেলের পর থেকে বৃষ্টির তীব্রতা কমে আসে। মঙ্গলবার সকাল থেকে রোদ ওঠায় নদ-নদীর পানি নামতে শুরু করেছে। ইতিমধ্যে অনেক এলাকায় প্লাবিত সড়ক থেকে পানি সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও নিচু এলাকার কিছু স্থানে এখনো পানি জমে রয়েছে।


স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, কয়েক দিনের টানা দুর্ভোগের পর রোদের দেখা পাওয়ায় তাদের মনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে জমে থাকা পানি পুরোপুরি না নামা পর্যন্ত স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ফিরে আসবে না বলে তারা মনে করছেন।


সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক বলেন, সোমবার বিকেল থেকে বৃষ্টি না হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে। যেসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল, সেখানকার অবস্থারও উন্নতি হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ বন্যা, সুনামগঞ্জে নদীর পানি , সুনামগঞ্জে পানি কমছে, কুশিয়ারা নদী, সুরমা নদী, পাহাড়ি ঢল , সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ