১৫ জুলাই ২০২৬

খেলাধুলা-বিনোদন / বিশ্বকাপ ফুটবল ২০২৬

ইংল্যান্ডের বিপক্ষে নেভি ব্লু জার্সি পড়ে মাঠে নামবে আর্জেন্টিনা

সিলেট ভয়েস স্পোর্টস ডেস্ক

প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৬ ৬:১৮ অপরাহ্ন


বিশ্বকাপের সেমিফাইনালের আগে দুই দলের জার্সিও চূড়ান্ত করেছে ফিফা। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা হোম জার্সির বদলে নেভি ব্লু অ্যাওয়ে কিট পরে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যে জার্সি ইংল্যান্ডের বিপক্ষে আলবিসেলেস্তেদের দুটি স্মরণীয় জয়ের সাক্ষী।


ফিফার প্রকাশিত ম্যাচ-সংক্রান্ত তথ্যে জানানো হয়েছে, বৃহস্পতিবার আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনালে লিওনেল মেসিরা পরবেন নেভি ব্লু জার্সি, কালো শর্টস ও কালো মোজা। প্রতিপক্ষ ইংল্যান্ড খেলবে তাদের ঐতিহ্যবাহী সাদা হোম কিটে।


চলতি বিশ্বকাপে নকআউট পর্বে এই প্রথম অ্যাওয়ে জার্সি গায়ে তুলবে আর্জেন্টিনা। এর আগে গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে একবারই নেভি ব্লু কিট পরে খেলেছিল লিওনেল স্কালোনির দল।


ইংল্যান্ডের বিপক্ষে এই জার্সির সঙ্গে জড়িয়ে আছে আর্জেন্টিনার দুটি ঐতিহাসিক জয়। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' ও 'শতাব্দীর সেরা গোল'-এর ম্যাচে এবং ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোতে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারানোর সময়ও অ্যাওয়ে কিট পরেছিল আর্জেন্টিনা।


অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে জার্সির ইতিহাসে শুধু সাফল্যের গল্পই নেই। ১৯৬২ বিশ্বকাপে অ্যাওয়ে জার্সি পরে এবং ১৯৬৬ ও ২০০২ বিশ্বকাপে হোম কিটে খেলেও হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে আলবিসেলেস্তেদের। বিশেষ করে ২০০২ বিশ্বকাপে নিজেদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরেও গ্রুপ পর্বে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে।


এদিকে প্রথম সেমিফাইনালে ফ্রান্স নিজেদের নীল হোম জার্সিতে মাঠে নামবে। প্রতিপক্ষ স্পেন খেলবে অফ-হোয়াইট অ্যাওয়ে কিটে। ডালাস স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত হবে ফ্রান্স-স্পেনের লড়াই।


বিশ্বকাপের দুই সেমিফাইনালের আগে তাই কৌশল, একাদশ ও ফর্মের আলোচনার পাশাপাশি জার্সি নিয়েও ফুটবলপ্রেমীদের আগ্রহ কম নয়। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে নেভি ব্লু জার্সিতে নামা আর্জেন্টিনা পুরোনো সুখস্মৃতির পুনরাবৃত্তি ঘটাতে পারে কি না, সেটিই এখন আলোচনার বড় বিষয়।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

আর্জেন্টিনা, ইংল্যান্ড, বিশ্বকাপ ২০২৬, বিশ্বকাপ সেমিফাইনাল, আর্জেন্টিনার জার্সি, নেভি ব্লু জার্সি, লিওনেল মেসি, ফিফা, অ্যাওয়ে কিট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ