০৪ জুলাই ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

শ্রীমঙ্গলে তুলাবাহী ট্রাকে অগ্নিকাণ্ড, অর্ধলক্ষ টাকার ক্ষতি

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৩ জুলাই, ২০২৬ ১:৪৯ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারে একটি তুলাবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা ও ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভৈরবগঞ্জ বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা তুলাবাহী ট্রাকটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ট্রাকে থাকা তুলার একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং একই সঙ্গে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকে থাকা তুলার কিছু অংশ পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ট্রাকটিতে কয়েক লাখ টাকার মালামাল থাকলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, শ্রীমঙ্গল, অগ্নিকাণ্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ