০২ জুলাই ২০২৬

রাজনীতি / সরকার

দুই দিনের সফরে শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী, থাকছে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ জুলাই, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন

ছবিঃ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ফাইল ছবি

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি দুই দিনের সরকারি সফরে আজ শুক্রবার (৩ জুলাই) সিলেটে আসছেন। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, অনুদান ও ত্রাণ বিতরণ এবং একাধিক জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন।


সফরের প্রথম দিনে বিকেল ৩টায় সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান বিতরণ করা হবে। এরপর তিনি উপজেলা কৃষি অফিসের ‘পার্টনার কংগ্রেস প্রোগ্রাম’, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ (মাধ্যমিক পর্যায়) উপলক্ষে পুরস্কার বিতরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ এবং সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মধ্যে ছাগলের খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।


এ ছাড়া প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সদর উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।


পরে বিকেল সাড়ে ৪টায় খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে সিবিসি পরীক্ষার জন্য ‘হেমাটোলজি অ্যানালাইজার’ কার্যক্রম এবং র‌্যাবিস ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে যতরপুরে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন।


রাতে নয়াসড়কের সাদিক টাওয়ারের ক্রিস্টাল প্লেসে জালালাবাদ রোটারি ক্লাবের ৪১তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।


সফরের দ্বিতীয় দিন শনিবার সকাল ৯টায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় এবং সিলেট নগরীর সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা সভায় অংশ নেবেন মন্ত্রী।


এরপর সোনাতলার সিরাজুল ইসলাম আলীম মাদ্রাসা মাঠে সিলেট সদর উপজেলার সাতটি ইউনিয়নের দুই হাজার অসহায় পরিবারের মধ্যে ৩০ কেজি করে মোট ৬০ মেট্রিক টন চাল এবং ৭০০ পরিবারের মধ্যে এক হাজার টাকা করে মোট ৭ লাখ টাকা বিতরণ করবেন।


এ ছাড়া সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মোগলগাঁও ইউনিয়নের হাওরাঞ্চলের ১৫০ কৃষকের মধ্যে ৩০ কেজি করে মোট সাড়ে ৪ মেট্রিক টন চাল এবং ৬ হাজার টাকা করে মোট ৯ লাখ টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বাণিজ্যমন্ত্রী, সিলেট সফর, মুক্তাদির, কর্মসূচী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ