০৩ জুলাই ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষায় বসেছে ৭২,৭৪৫ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ জুলাই, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ন


সারাদেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে সিলেট বিভাগের চার জেলার ৯৬টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিন ঘন্টা সময়ের এ পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। 


এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেট-এর অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবং ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। এ বছর নিয়মিত ৫২ হাজার ৫৪০ জন। বাকিরা অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থী।


সিলেট বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর পরীক্ষার্থী ছিলেন ৬৯ হাজার ১৭২ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৭৬৪ জন ছাত্র এবং ৪১ হাজার ৪০৮ জন ছাত্রী ছিলেন। সে হিসাবে এক বছরের ব্যবধানে পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন। এ বছর সিলেট বিভাগের ৯৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 


জেলাওয়ারি তথ্য অনুযায়ী, এবার সিলেট জেলার ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩১ হাজার ২১৫ জন শিক্ষার্থী ৩৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। একইভাবে সুনামগঞ্জের ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ৮৭০ জন শিক্ষার্থী মোট ২২টি কেন্দ্রে পরীক্ষা দিবেন। 


এছাড়া মৌলভীবাজারের ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী ১৬টি কেন্দ্রে, এবং হবিগঞ্জের ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ হাজার ৯২১ জন পরীক্ষার্থী ২০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।


সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন বলেন, ‘এবার সিলেট বিভাগের চার জেলার ৩৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র ও ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। বিভাগের ৯৬টি কেন্দ্রে নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ 


তিনি বলেন, ‘পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে।’


এদিকে, পরীক্ষা উপলক্ষে সিলেট নগরীর ২৫টি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সব ধরনের জনসমাবেশ, মিছিল, উচ্চশব্দ ও মাইক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পরীক্ষা চলাকালীন আগামী ৮ আগস্ট পর্যন্ত দিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।


এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে সব ধরনের জনসমাবেশ, মিছিল, উচ্চশব্দ ও মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে অস্ত্র, লাঠি বা বিস্ফোরক দ্রব্য বহন এবং বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা হিসেবে গণ্য করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এইচএসসি পরীক্ষা, উচ্চ মাধ্যমিক, শিক্ষাবোর্ড, পরীক্ষার্থী, সিলেট বিভাগ, পরীক্ষা কেন্দ্র

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ