২৭ জুন ২০২৬

ফ্যাক্টচেক

সিলেট ভয়েস ফ্যাক্টচেক

নদীতে ভাসমান মরদেহের ভাইরাল ভিডিওটি তুরাগের নয় সুরমার

নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ২৭ জুন, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন


সামাজিক যোগাযোগমাধ্যমে তুরাগ নদীতে এক ছাত্রলীগ নেতার মরদেহ ভেসে ওঠার খবরটি সঠিক নয়। এটি সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার সুরমা নদীর থানাঘাট থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ভিডিও। 


সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ-জকিগঞ্জ সার্কেল) মো. শাহআলম ও গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম দুজনেই এ তথ্য নিশ্চিত করেছেন। 


এর আগে, গতকাল শুক্রবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসতে থাকা একটি মরদেহের ভিডিওকে তুরাগ নদীতে ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধারের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, দাবিটির কোনো সত্যতা নেই।


জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শুকেরবাজার এলাকার কাছে সুরমা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমও অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের সংবাদ প্রকাশ করে।


পুলিশের ধারণা, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


ভাইরাল ভিডিওটির সঙ্গে ছাত্রলীগের কোনো নেতার মৃত্যুর ঘটনার সম্পর্ক নেই। ভিন্ন একটি ঘটনার ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে।


সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ-জকিগঞ্জ সার্কেল) মো. শাহআলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা ভিডিওটি সিলেটের সুরমা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তি।  


গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, মরদেহ এখনো ওসমানী হাসপাতালে রাখা আছে, তবে কোন পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির দলও ঘটনাস্থলে এসেছিল তারা আঙ্গুলের ছাপ নিতে চেষ্টা করেছিল। কিন্তু মরদেহটি অর্ধগলিত হওয়ায় তা সম্ভব হয়নি। 


তিনি জানান, এটি কোনো ছাত্রলীগ নেতার মরদেহ নয়। বিষয়টি সম্পূর্ণ আলাদা।


শেয়ার করুনঃ

ফ্যাক্টচেক থেকে আরো পড়ুন

ভাইরাল ভিডিও, সুরমা নদী, মরদেহ উদ্ধার, গোলাপগঞ্জ, মিথ্যা তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ