১৫ আগস্ট ২০২৬

দৈনন্দিন / দিবস

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৫ আগস্ট, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন


যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে নগরের উপশহরে ভারতীয় সহকারী হাইকমিশনের চ্যান্সারিতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ভারতের রাষ্ট্রপতির স্বাধীনতা দিবসের বার্তা পাঠ, শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোকচিত্রের ডিজিটাল প্রদর্শনীর আয়োজন করা হয়।


সকালে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা চ্যান্সারির রিসেপশন এলাকায় অতিথিদের স্বাগত জানান। পরে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস অনুষ্ঠানে উপস্থিত হলে তাঁর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।


পতাকা উত্তোলনের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ভারতের রাষ্ট্রপতির স্বাধীনতা দিবসের বার্তা পাঠ করে শোনান। পরে তিনি উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন।


বক্তব্যে অনিরুদ্ধ দাস ভারতের স্বাধীনতা অর্জনের দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও দেশের ঐতিহ্য সম্পর্কে আলোকপাত করেন। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।


ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। শিক্ষা, সংস্কৃতি ও জনগণের মধ্যে যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।


অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন রূপন্তী চক্রবর্তী, হরিপ্রিয়া দেবী ও প্রিয়ন্তি দাস। এ ছাড়া সিলেট গ্রামার স্কুলের শিক্ষার্থী ও অন্যান্য তরুণ শিল্পীদের আঁকা বেশ কিছু ছবি প্রদর্শন করা হয়।


স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত BKJ কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণও করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আগ্রহের প্রশংসা করেন অতিথিরা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খ্যাতিমান চিত্রশিল্পী হ্যারল্ড রশীদ।


পরে ‘India Through My Lens’ প্রতিযোগিতায় অংশ নেওয়া আলোকচিত্র নিয়ে ডিজিটাল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ভারতীয় সহকারী হাইকমিশন, স্বাধীনতা দিবস, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ