এমসি কলেজে ‘ক্যাট ফ্লু ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৬ জুন, ২০২৬ ৯:৩২ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে ‘ক্যাট ফ্লু ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী এই ক্যাম্পেইনে পোষা বিড়ালকে ফ্লু প্রতিষেধক টিকা দেওয়া হয়।
প্রাণী ও পরিবেশ সংরক্ষণে চলতি বছরের জানুয়ারি থেকে কাজ করে যাওয়া এমসি কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন নার্চার মুরারিচাঁদ এই ক্যাম্পেইনের আয়োজন করে। এ আয়োজনে যৌথ সহযোগী হিসেবে ছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পরিবেশ ও প্রাণী কল্যাণমূলক সংগঠন ‘প্রাধিকার’।
ক্যাম্পেইন চলাকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ফিল্ড ম্যানেজার মো. শাহিনুর রহমান এবং সিলেটের টিলাগড়স্থ ‘পেট অ্যান্ড ভেট কেয়ার’— এর ভেটেরিনারি কনসালট্যান্ট ড. আবদুল্লাহ আল সাদ।
নার্চার মুরারিচাঁদের সভাপতি হাকিম মো. কাওছার এবং সাধারণ সম্পাদক তাপসী আনিকা ইসলামের পরিচালনায় ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন হয়। এ সময় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন সংগঠনের সদস্য আব্দুল কাদির, আহমেদ হাসান মান্না, আলী আশরাফ, মারিয়া হাসান, ইফরাতুল তারিন প্রমুখ। এছাড়া ‘প্রাধিকার’ সংগঠনের সভাপতি মো. শাহিন আলমসহ উভয় সংগঠনের কর্মীরা উপস্থিত থেকে বিড়ালপ্রেমীদের সহযোগিতা করেন।
আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পেইনে স্থানীয় বিড়াল মালিকদের কাছ থেকে দারুণ সাড়া পাওয়া গেছে। প্রাণী কল্যাণ ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এমসি কলেজ, ক্যাট ফ্লু ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, পোষা বিড়াল