২৬ জুন ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ভুক্তভোগী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ জুন, ২০২৬ ৮:০৭ অপরাহ্ন


সিলেটে অস্ত্রের মুখে এক তরুণকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় অপহৃত তরুণ ফাহিম আহমদকে (২০) উদ্ধার করা হয়।

 

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে শামীমাবাদ আবাসিক এলাকার ১ নম্বর গেটের সামনে ফাহিমের পথরোধ করে একদল অপহরণকারী। তারা ফাহিমকে মারধর করে এবং গলায় ছুরি ঠেকিয়ে নগদ ১ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে একটি গ্যারেজে আটকে রেখে পরিবারের কাছে মোবাইল ফোনে ১ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে ফাহিমকে হত্যার হুমকিও দেয় অপহরণকারীরা।

 

বিষয়টি পুলিশকে জানানো হলে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। সকাল সাড়ে ৯টার দিকে পিডিবি মসজিদের বিপরীত পাশে ‘ফুলকলি’ শোরুমের ভেতর থেকে ফাহিমকে উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় জনতার সহায়তায় ঘটনাস্থল থেকে চার অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন নগরীর লালাদিঘীরপাড় এলাকার খালেদ বীন আজিজ (৩৫), বাগবাড়ির তোফাজ্জল হোসেন (২৬), সুনামগঞ্জের দিরাইয়ের আল আমিন (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের রাজিব আহম্মেদ (২০)।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, অপহরণ ও মুক্তিপণ দাবির এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজই আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, গ্রেপ্তার, অপহরণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ