হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ২০ জুন, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি গ্রামে ভূগর্ভস্থ গ্যাসের সম্ভাব্য উপস্থিতির খবরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আশাবাদ তৈরি হয়েছে। উপজেলার আহমদাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়াব্দা গ্রামে সম্প্রতি মাটি ফুঁড়ে গ্যাস জাতীয় পদার্থ নির্গমনের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় ইতিমধ্যে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে গ্রামের একটি স্থানে মাটির নিচ থেকে অস্বাভাবিক গ্যাসীয় নির্গমনের লক্ষণ দেখতে পান এলাকাবাসী। বিষয়টি জানানো হলে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সম্ভাব্য গ্যাসের উপস্থিতি যাচাই করতে প্রাথমিক অনুসন্ধান ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়।
পশ্চিম বড়াব্দা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, স্থানীয় লোকজন প্রথমে মাটি ফুঁড়ে বের হওয়া গ্যাস জাতীয় পদার্থের বিষয়টি লক্ষ্য করেন। খবর পেয়ে জালালাবাদ গ্যাসের কর্মকর্তারা এসে স্থানটি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
সম্ভাব্য গ্যাসের খবর দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন। অনেকেই বিষয়টিকে এলাকার জন্য সম্ভাবনাময় একটি ঘটনা হিসেবে দেখছেন। তবে চূড়ান্ত অনুসন্ধান ও পরীক্ষার ফলাফল ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মানিক মিয়া বলেন, গ্যাসের সম্ভাব্য সন্ধানের খবর এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। যদি এখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত পাওয়া যায়, তাহলে তা স্থানীয় অর্থনীতি, শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে কিছু ইতিবাচক আলামত পাওয়া গেলেও বিষয়টি নিশ্চিত করতে আরও কারিগরি পরীক্ষা ও মূল্যায়ন প্রয়োজন। অনুসন্ধান কার্যক্রমের অগ্রগতি এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রাকৃতিক গ্যাস, গ্যাস অনুসন্ধান, জালালাবাদ গ্যাস, চুনাঘাটা, আহমদাবাদ, পশ্চিম বড়াব্দা