বানিয়াচংয়ে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপন শুরু
শিল্প-সাহিত্য-সংস্কৃতি
প্রকাশঃ ১৮ জুন, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপন কর্মসূচি শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নজরুল বর্ষের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা এবং মানবতার পক্ষে তাঁর সংগ্রামী ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান এবং উপজেলা জাসাসের সভাপতি আরশাদ ফজলে খোদা লিটন।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নজরুলসংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিপ্রেমী ও সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, ১৮ থেকে ২০ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নজরুল বর্ষ উদযাপন করা হবে।
নজরুল বর্ষ, বানিয়াচং, উপজেলা প্রশাসন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাজী নজরুল ইসলাম