দিরাইয়ে পূবালী ব্যাংকের দুই দিনের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু
দৈনন্দিন
প্রকাশঃ ১৬ জুন, ২০২৬ ৭:০০ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন ২০২৬’ শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক পিএলসি দিরাই শাখা এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির শুরুতে ব্যাংক প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে দিরাই বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেন মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিথিরা।
পূবালী ব্যাংক পিএলসি দিরাই শাখার ব্যবস্থাপক রোকন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির মিয়া, দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি নুরুল হক, সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল আহমেদ তালুকদার, জিয়াউল হক ভুট্টো ও মো. হান্নান রশীদ। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, নগদবিহীন লেনদেন সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্যাম্পেইন উপলক্ষে সেন মার্কেটের সামনে একটি বিশেষ সেবা বুথ স্থাপন করা হয়েছে। দুই দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকেরা কোনো প্রারম্ভিক খরচ ছাড়াই নতুন ব্যাংক হিসাব খুলতে পারবেন।
সভাপতির বক্তব্যে রোকন চন্দ্র পাল ক্যাশলেস অর্থনীতিতে যুক্ত হতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।
দিরাই, পূবালী ব্যাংক, ক্যাশলেস ক্যাম্পেইন, বাংলাদেশ ব্যাংক, স্মার্ট বাংলাদেশ