
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আওতাধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৩১ মে) অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় মুরারিচাঁদ (এমসি) কলেজের হয়ে ২ হাজার ২০৫ আসনের বিপরীতে ১০ হাজার ৩১ জন শিক্ষার্থী আবেদন করেছেন বলে জানিয়েছে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির তথ্যমতে, একটি আসনের জন্য এবার গড়ে ৪ জনের বেশি শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ নিজের নামে আসন বরাদ্দ করতে হলে তিনজনের বেশি শিক্ষার্থীকে পরাজিত করতে হবে।
এদিকে, ইতিমধ্যে ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করে আসনবিন্যাসও শেষ করেছে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
শনিবার (৩১ মে) কলেজটির হয়ে বিজ্ঞান বিভাগ থেকে ৫ হাজার ৫৫৪, মানবিক বিভাগ থেকে ৪ হাজার ৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪৭২ জনসহ মোট ১০ হাজার ৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন।
এমসি কলেজ ছাড়াও সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সিলেট, মিরাবাজারের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, শিবগঞ্জের সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ এবং সিলেট মডেল স্কুল এন্ড কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পরীক্ষা এমসি কলেজেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কমিটি।
ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানায়, ২১৬৬২৫৪-২১৬৭০০৭ রোল নম্বরের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা এমসি কলেজে অনুষ্ঠিত হবে।
তাছাড়া ২১৬১৪৫-২১৬২৪৫৩ রোল নম্বরের শিক্ষার্থীদের পরীক্ষা সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে, ২১৬২৪৫৪- ২১৬৪০৫৩ মিরাবাজারের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে, ২১৬৪০৫৪-২১৬৫১৫৩ সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে এবং ২১৬৫১৫৪-২১৬৬২৫৩ রোল নম্বরের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে।
এমসি কলেজের ২০২৪-২৫ বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সাহাব উদ্দীন জানান, এমসি কলেজে ২ হাজার ২০৫ আসনের বিপরীতে এবার ১০ হাজার ৩১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৫ হাজার ৫৫৪, মানবিক শাখার ৪ হাজার ৫ জন এবং ব্যবসায় শিক্ষা শাখার ৪৭২ জন শিক্ষার্থী রয়েছেন।
তিনি আরও জানান, এমসি কলেজ ছাড়াও আরও ৪টি স্কুল ও কলেজ মিলিয়ে মোট ২১৫ টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়ে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যাবতীয় তথ্য ও আসনবিন্যাস কলেজের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে সকল তথ্য দেওয়া আছে।
শেয়ার করুনঃ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন
এমসি কলেজ, মুরারিচাঁদ কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা-২০২৫


