০৭ জুন ২০২৬

খেলাধুলা-বিনোদন / বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন ডিফেন্ডারের

ভয়েস স্পোর্টস ডেস্ক

প্রকাশঃ ৭ জুন, ২০২৬ ১:২০ পূর্বাহ্ন


বিশ্বকাপের মঞ্চে পা রাখার আগেই বড় এক দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। অনুশীলনে গুরুতর চোট পেয়ে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। ফলে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেল অলিম্পিক মার্শেইয়ের এই সেন্টার-ব্যাকের।


আজ রাতে টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি অনুশীলনে ডান পায়ের পেশিতে চোট পান বালের্দি। অনুশীলন সেশন শেষ করার আগেই তাকে মাঠ ছাড়তে হয়। পরে মেডিকেল পরীক্ষায় তার পেশিতে গুরুতর ছিঁড়ে যাওয়ার (মাসল টিয়ার) বিষয়টি ধরা পড়ে।


আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, চোটের গভীরতা বিবেচনায় নিয়ে কোচ লিওনেল স্কালোনি ও তার কোচিং স্টাফ বালের্দিকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


চিকিৎসকদের মতে, এই চোট থেকে সেরে উঠতে তার অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। ফলে বিশ্বকাপের শুরুর অংশ তো বটেই, পুরো টুর্নামেন্টে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।


বালের্দির বিদায়ের পর এখন তার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, সেটিই বড় প্রশ্ন। ফিফার নিয়ম অনুযায়ী, প্রাথমিক ৫৫ সদস্যের তালিকা থেকেই বদলি খেলোয়াড় বেছে নিতে হবে। এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন মার্কোস সেনেসি। বোর্নমাউথের এই ডিফেন্ডারকে দলে নেওয়ার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে।


আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের ফিট রাখা এবং নতুন কোনো চোট এড়ানো ছিল দলের অন্যতম প্রধান লক্ষ্য। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগে বালের্দির মতো একজন নির্ভরযোগ্য ডিফেন্ডারকে হারানো নিঃসন্দেহে রক্ষণভাগের জন্য বড় ধাক্কা।


বিশ্বকাপের আগে এমন পরিস্থিতির মুখোমুখি অবশ্য নতুন নয় আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের আগে চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছিলেন হুয়াকিন কোরেয়া এবং নিকোলাস গনসালেস। এবার সেই তালিকায় যুক্ত হলো বালের্দির নামও।


বোকা জুনিয়র্সের একাডেমি থেকে উঠে আসা বালের্দি সাম্প্রতিক সময়ে নিজেকে আর্জেন্টিনার অন্যতম নির্ভরযোগ্য বিকল্প সেন্টার-ব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। ফ্রান্সের শীর্ষ লিগে মার্শেইয়ের হয়ে দারুণ একটি মৌসুম কাটানোর পর স্কালোনির পরিকল্পনায় তিনি ছিলেন ক্রিস্টিয়ান রোমেরোর–এর অন্যতম বিকল্প। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা করে নিয়েছিলেন তিনি।


কিন্তু এক মুহূর্তের দুর্ভাগ্য সবকিছু বদলে দিল। বিশ্বকাপের স্বপ্ন চোখে নিয়ে প্রস্তুতি নেওয়া বালের্দির জন্য এই চোট হয়ে এল নির্মম বাস্তবতা। টুর্নামেন্টে মাঠে নামার আগেই শেষ হয়ে গেল তার বিশ্বকাপ অভিযান।


আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বেও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপের মহামঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ আর মিলল না তার।


এখন সবার অপেক্ষা, বালের্দির পরিবর্তে কাকে দলে নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সে ঘোষণা আসতে পারে।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

লিওনার্দো বালের্দি ,আর্জেন্টিনা বিশ্বকাপ দল, আর্জেন্টিনা ফুটবল, বালের্দির চোট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ