০২ জুন ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

তরুণদের সঠিকভাবে গড়ে তুলতে ছাত্রশিবিরকে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ জুন, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ন


বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের তরুণ সমাজকে একাডেমিক উৎকর্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। জ্ঞান, দক্ষতা ও উন্নত চারিত্রিক গুণাবলির মাধ্যমে তরুণরাই একটি আদর্শ সমাজ ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তরুণ সমাজকে সঠিকভাবে গড়ে তুলতে ছাত্রশিবিরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সোমবার (২ জুন) সকাল ১০টায় নগরীর একটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের সেক্রেটারিয়েট সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা কেবল সনদধারী শিক্ষার্থী তৈরি করছে; কিন্তু প্রকৃত অর্থে সুনাগরিক গঠনে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে না। শিক্ষা এমন হওয়া উচিত, যা মানুষের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়।

তিনি বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানে সীমাবদ্ধ না থেকে নিজেদের চরিত্র গঠন, সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক গুণাবলি অর্জনের প্রতি মনোযোগী হতে হবে। দেশের উন্নয়ন ও কল্যাণে আত্মনিয়োগ করতে হলে নৈতিক শিক্ষার বিকল্প নেই।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও মূল্যবোধভিত্তিক রূপে পুনর্গঠন করবে। এমন একটি শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে, যা একদিকে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করবে, অন্যদিকে তাদের আদর্শ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবে।

তিনি ছাত্রশিবিরের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেমের চর্চা বৃদ্ধিতে সংগঠনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে সক্ষম একটি আদর্শবান প্রজন্ম গড়ে তোলাই হওয়া উচিত সবার প্রধান লক্ষ্য।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর হাবিবুর রহমান, জেলার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগরের সেক্রেটারি শাহজাহান আলী, ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু এবং সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, জামায়াতে ইসলামী, শফিকুর রহমান, ছাত্রশিবির

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ