২৫ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

হবিগঞ্জে বকেয়া বেতনের দাবিতে চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি

প্রকাশঃ ২৫ মে, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ন


বকেয়া বেতন, রেশন, উৎসব বোনাসসহ সাত দফা দাবিতে হবিগঞ্জের চারটি চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা। সোমবার (২৫ মে) সকাল থেকে চুনারুঘাট উপজেলার দেউন্দি, লালচান, মৃতিঙ্গা এবং মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে একযোগে এ কর্মসূচি চলছে।


শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাগানগুলোতে নানা সমস্যা চললেও মালিকপক্ষ তা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা শুধু আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছে বলেও অভিযোগ করেন শ্রমিক নেতারা।


দেউন্দি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল বলেন, ‘২০২২ সাল থেকে বিভিন্ন সমস্যার কথা জানানো হলেও কোনো সমাধান হয়নি। ৬ মে শ্রীমঙ্গলে ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন করা হয়নি। বাধ্য হয়েই আমরা কর্মবিরতিতে গেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’


এদিকে বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি ও আন্দোলন সম্পর্কে অবগত না থাকার কথা বলা হয়েছে।


দেউন্দি চা বাগানের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন বলেন, শ্রমিকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা আবেদন পাওয়া যায়নি। তবে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আইনগত সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন।


আন্দোলনরত শ্রমিকরা জানান, কয়েক সপ্তাহ ধরে চারটি বাগানের শ্রমিকরা নিয়মিত সাপ্তাহিক তলবি বেতন পাচ্ছেন না। এতে প্রায় পাঁচ হাজার শ্রমিক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। বেতন, রেশন ও উৎসব বোনাস না পেয়ে তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে বলেও জানান তারা।


শ্রমিকদের দাবি, বর্ষা মৌসুম শুরুর আগে বসতঘর সংস্কার, চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণ, প্রভিডেন্ট ফান্ডসহ সব বকেয়া পরিশোধ এবং নিয়মিত সাপ্তাহিক মজুরি প্রদান করতে হবে।


গত ৬ মে শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে মালিক, শ্রমিক ও শ্রম অধিদপ্তরের ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেখানে দ্রুত বকেয়া পরিশোধসহ বিভিন্ন সমস্যার সমাধানের সিদ্ধান্ত নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ শ্রমিকদের।


কর্মবিরতির কারণে সোমবার সকাল থেকে শ্রমিকরা বাগান ও কারখানায় কাজ বন্ধ রেখে বাগান এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ চা বাগান, চা শ্রমিক আন্দোলন, কর্মবিরতি, বকেয়া বেতন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ