কুলাউড়া পৌরসভা মেধাবৃত্তি পেল ৬৯ শিক্ষার্থী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৩ মে, ২০২৬ ৭:১৯ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা আয়োজিত ‘মেধাবৃত্তি-২০২৫’ পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়েছে।
শনিবার (২৩ মে) কুলাউড়া পৌরসভার হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়। এটি কুলাউড়া পৌরসভার টানা চতুর্থ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, এবারের বৃত্তি পরীক্ষায় পৌর এলাকার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য়, ৫ম ও ৮ম শ্রেণীর মোট ৪০৭ জন শিক্ষার্থী অংশ নেয়। চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে মোট ৬৯ জনকে বৃত্তির জন্য মনোনীত করা হয়, যার মধ্যে ১০ জন ট্যালেন্টপুল ও ৫৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ‘কুলাউড়ার এই মেধাবীরাই একদিন কুলাউড়াকে তুলে ধরবে। তাদের সুপ্ত প্রতিভা প্রস্ফূটিত হয়ে আলোকিত হবে আমাদের কুলাউড়া। আমি দৃঢ় আশাবাদী আজকে যারা মেধার স্বাক্ষর রেখেছে তারাই ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে নেতৃত্ব দেবে।’
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক সানজিদা আক্তার বলেন, ‘মেধা এবং মনন একই সাথে শানিত হলে বাংলাদেশ এগিয়ে যাবে। আমি আশাবাদী আগামীর এই প্রজন্মগুলো সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে।’ তিনি পৌরসভা মেধাবৃত্তি প্রদানে ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন।
কুলাউড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র হাজী জয়নাল আবেদীন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, অবসরপ্রাপ্ত প্রভাষক সিপার আহমেদ ও সাবেক কাউন্সিলর কায়সার আরিফ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা শারমীন জেরিন, সাবেক কাউন্সিলর সামছুল ইসলাম সমছু, জহিরুল ইসলাম খান খছরু, হারুনুর রশীদ হারুন, সুলতানা বেগম লাইলি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান ও হিসাব রক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুলাউড়া পৌরসভা, মেধাবৃত্তি ২০২৫, কুলাউড়া সংবাদ, মৌলভীবাজার খবর, শিক্ষাবৃত্তি