এবার জাতীয় পর্যায়ে খেলবে শাল্লার কৃতি শিক্ষার্থী স্পর্শিতা
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২২ মে, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ন
দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জেলা ও বিভাগীয় পর্যায়ে অসাধারণ সাফল্যের মাধ্যমে এবার জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে শাল্লার কৃতি শিক্ষার্থী স্পর্শিতা তালুকদার। তিনি শাল্লা উপজেলার শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতার জেলা পর্যায়ে স্পর্শিতা তালুকদার একক ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি রাজশ্রীর দেবনাথের সঙ্গে দ্বৈত ইভেন্টেও ১ম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে বিভাগীয় পর্যায়েও তারা একক ও দ্বৈত উভয় ইভেন্টে অংশগ্রহণ করে। বিভাগীয় পর্যায়ে দ্বৈত ইভেন্টে স্পর্শিতা-রাজশ্রী জুটি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে একক ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্পর্শিতা তালুকদার বিভাগীয় চ্যাম্পিয়ন হন এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করেন। শুধু তাই নয়, তার অসাধারণ দক্ষতা ও পারফরম্যান্সে মুগ্ধ হয়ে কর্তৃপক্ষ দ্বৈত ইভেন্টের জাতীয় পর্যায়েও স্পর্শিতার নাম অন্তর্ভুক্ত করে।
জানা গেছে, স্পর্শিতা তালুকদার শাল্লা উপজেলার রাহুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন তালুকদার এবং শাহিদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষিকা পাপড়ি তালুকদারের মেয়ে। স্পর্শিতার উজ্জ্বল ভবিষ্যৎ, মঙ্গল ও জাতীয় পর্যায়ে সর্বোচ্চ সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন তার মা-বাবা।
এ বিষয়ে সহকারী শিক্ষক সীমান্ত তালুকদার সুমন বলেন,স্পর্শিতা প্রথমে ছিল শাল্লার গর্ব, এরপর সুনামগঞ্জের, আর এখন পুরো বৃহত্তর সিলেট বিভাগের গর্ব। জাতীয় পর্যায়ে যদি সে তার সর্বোচ্চটা দিতে পারে, তবে সে বৃহত্তর সিলেট ছাড়িয়ে পুরো বাংলাদেশের গর্বে পরিণত হবে।
নতুন কুঁড়ি স্পোর্টস, শাল্লা, খেলাধুলা, ব্যাডমিন্টন প্রতিযোগিতা