র্যাবের কাঠামো ও নামে আসতে পারে পরিবর্তন: জাহেদ উর রহমান
দেশজুড়ে
প্রকাশঃ ১৯ মে, ২০২৬ ৪:২১ অপরাহ্ন
বর্তমান কাঠামোয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বহাল থাকছে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, বাহিনীটির নাম পরিবর্তনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে সরকারের চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
র্যাবের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, র্যাবকে আগের রূপে রাখা হচ্ছে না। নাম পরিবর্তনের বিষয়েও আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, র্যাবের কার্যক্রম পরিচালনায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীও এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।
সোমবার র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মানবাধিকার ও পেশাদারিত্বকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক এলিট বাহিনী গঠনের পরিকল্পনা করছে সরকার।
২০২৪ সালের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাব বিলুপ্তির দাবি তোলে। সেই প্রসঙ্গ উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, সরকারের লক্ষ্য হল একটি কার্যকর ও জবাবদিহিমূলক বিশেষায়িত বাহিনী গড়ে তোলা।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা ও বিশেষ অভিযান পরিচালনার জন্য একটি এলিট ফোর্স প্রয়োজন। সেটি নতুন কাঠামো ও আইনের আওতায় পরিচালিত হবে।
র্যাব, র্যাবের নতুন নাম, র্যাব পুনর্গঠন