
সিলেট কদমতলী বাস টার্মিনালে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় শ্রমিক নেতাদের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের সড়ক পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিক ফেডারেশন। আগামী ১৯ মে ভোর ৬টা থেকে এ কর্মবিরতি শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ফেডারেশনের নেতারা জানিয়েছেন, ১৮ মে’র মধ্যে মামলা প্রত্যাহার না হলে ১৯ মে থেকে সিলেট বিভাগজুড়ে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে। এতে বাস, মিনিবাস, ট্রাক, সিএনজি অটোরিকশা, পিকআপ ও কাভার্ড ভ্যানসহ সব ধরনের গণপরিবহন কর্মবিরতির আওতায় আসবে।
সভায় জানানো হয়, গত ২৭ এপ্রিল কদমতলী বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত দুই শ্রমিক পরে মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৬০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

শ্রমিক নেতারা দাবি করেন, ঘটনার সময় ফেডারেশনের শীর্ষ নেতারা কদমতলীতে উপস্থিত ছিলেন না; তারা নাজিরবাজার এলাকায় শ্রমিক সংগঠনের নির্বাচন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে তারা ঘটনাস্থলে যান বলে দাবি করেন নেতারা।
সভায় বক্তারা অভিযোগ করেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক সংগঠনের নেতৃত্বকে “অন্যায়ভাবে হয়রানি” করা হচ্ছে। তারা বলেন, এই মামলা শ্রমিকদের ঐক্য বিনষ্টের চেষ্টা এবং এর মাধ্যমে পরিবহন খাতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।
ফেডারেশনের নেতারা আরও বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তবে তদন্তের আগেই নিরপরাধ নেতাদের আসামি করাকে তারা দুঃখজনক হিসেবে উল্লেখ করেন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় বিভিন্ন জেলার শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়েজুর নুর, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি কালা মিয়া, মৌলভীবাজার জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি অদুদ আহমদসহ সিলেট বিভাগের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
এছাড়া সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাওসার আহমদ, কোষাধ্যক্ষ বাদল আহমদ, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ইমা লেগুনা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইনসান আলী, বাস মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল এবং প্রচার সম্পাদক হারিছ আলীসহ অনেকে বক্তব্য রাখেন।
সভায় নেতারা জানান, শ্রমিকদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ কর্মসূচি ছাড়া কোনো বিকল্প নেই। তারা বলেন, মামলা প্রত্যাহার না হলে সিলেট বিভাগের পরিবহন খাতে অচলাবস্থা সৃষ্টি হবে, যার দায় প্রশাসনকেই নিতে হবে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট, কদমতলী, পরিবহন, ধর্মঘট


