১৩ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৩ মে, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন

ছবিঃ প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাইয়ের আলীনগর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত রতন মিয়া (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

 

তিনি আলীনগর গ্রামের সোনাই মিয়ার ছেলে। নিহত রতন মিয়া স্থানীয় বিএনপি নেতা শাহাদীব মেম্বারের সমর্থক বলে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর গ্রামের বিএনপির ভাটিপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদীব মেম্বার এবং ওয়ার্ড বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুহিতের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিক মামলাও রয়েছে।

 

স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ আগে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকেলে ভাটিপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহাদীব মেম্বারের ওপর হামলার ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

 

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনায় আহত রতন মিয়া সিলেটে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি বলেও জানা তিনি। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

দিরাই সংঘর্ষ, সুনামগঞ্জ খবর, রতন মিয়ার মৃত্যু, আলীনগর সংঘর্ষ, দিরাই উপজেলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ