শ্রীমঙ্গলে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১১ মে, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গরু ব্যবসায়ীকে হত্যা করে মরদেহ ‘গুমের’ ঘটনায় এজাহারভুক্ত এক পলাতক আসামিকে কে গ্রেপ্তার করেছে র্যাব-৯। হত্যাকাণ্ডের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১১ মে) র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ভুতু সাঁওতাল (৪৫) উপজেলার ফুসকুড়ি চা বাগানের মৃত ধরিণী সাওতলের ছেলে।
র্যাব জানায়, নিহত আবিদ আলী মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঘাটিবিল বটেরতল এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গরু কেনাবেচার ব্যবসা করতেন। গত ৭ মে সন্ধ্যা ৬টার দিকে গরু কেনার উদ্দেশ্যে ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি করেন।
পরে ৯ মে দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার রাজঘাট এলাকার একটি চা বাগানের পানির ডোবা থেকে আবিদ আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ভুতু সাঁওতাল-কে গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার (১০ মে) এ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্রীমঙ্গল হত্যা, র্যাব-৯, ভুতু সাঁওতাল, মৌলভীবাজার, লাশ গুম