১১ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

প্রস্তাবিত বিদ্যুতের মূল্যবৃদ্ধি বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১১ মে, ২০২৬ ৭:১৮ অপরাহ্ন


প্রস্তাবিত বিদ্যুতের মূল্যবৃদ্ধি বাতিল, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি রোধ, সিলিন্ডার গ্যাসের দাম কমানো, বিদ্যুতের প্রিপেইড মিটারের কাজ দ্রুত সম্পন্ন এবং জ্বালানি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়-সম্পদের হিসাব সরকারের কাছে দাখিলের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১১ মে) বিকেল ৪টায় নগরীর কোর্ট পয়েন্টে এ মানববন্ধন করে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি।

 

সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে এবং সদস্যসচিব মকসুদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মো. এহসানুল হক তাহেরসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

 

বক্তারা জানান, গত দেড় দশকে পাইকারিতে বারবার গ্রাহক পর্যায়ে ১৪ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। দাম বাড়ায়নি শুধু অন্তর্বর্তীকালীন সরকার। অন্যদিকে সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য পাশাপাশি নিত্যপণ্যের মূল্য সাধারণ জনগণের অবস্থা নাভিশ্বাস হয়ে উঠেছে। ১৮ই এপ্রিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে মূল্যস্ফীতি উসকে দিয়েছে। 

 

তাদের অভিযোগ, এমনিতে চাল, ডাল, মাছ, মাংস বা তরিতরকারি দাম, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা, পরিবহন, জ্বালানি খরচসহ জীবন যাত্রার খরচ বহুগুণ বেড়ে গেছে। আর প্রস্তাবিত বিদ্যুতের মূল্য বৃদ্ধি হলে ব্যবসা-বাণিজ্যে ও জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়বে। তাই দাম বাড়ানোই সমাধান নয়। জনদুর্ভোগ লাগবে সুশাসনের প্রক্রিয়া অবলম্বন করুন।

 

মানববন্ধনে জ্বালানি খাতে দুর্নীতির মাধ্যমে লুন্ঠিত হাজার হাজার কোটি টাকা উদ্ধার ও চুরি, অপচয়, অদক্ষতা বন্ধ করার আহ্বান জনাণ বক্তারা। 

 

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বলেন, ‘ঘাটতি দেখিয়ে দাম বাড়ানোর অজুহাত পুরোনো। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বিদ্যুৎ উৎপাদনে চল্লিশ শতাংশ বাড়তি খরচ আছে। এসব খরচ কমিয়ে ভর্তুকি কমানো যেতে পারে। দাম বাড়ালে আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের কোন পার্থক্য থাকে না। জনস্বার্থে বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

 

 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, সিলেট মানববন্ধন, গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ, সিলেটে প্রতিবাদ, জ্বালানি খাত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ