মাধবপুরে এআই ভিডিও ছড়িয়ে মানহানির অভিযোগ, ৩ জনের বিরুদ্ধে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১০ মে, ২০২৬ ১০:০১ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে সম্মানহানির অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী।
জানা যায়, মামলার বাদী রজব আলী মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হবিবপুর গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, একই গ্রামের কাউছার মিয়া ও কুলাইচাচর গ্রামের ফয়সল মিয়া এআই দিয়ে জুয়া খেলার একটি ভিডিও তৈরি করেন। ভিডিওটি গোপন রাখতে তার পরিবারের নিকট এক লাখ টাকা দাবি করেন তারা। তবে পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
পরে এ ঘটনায় রজব আলী বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে মাধবপুর থানাকে নির্দেশ দিয়েছেন।
রজব আলী জানান, গত ৩০ মার্চ ২০২৬ সালে তিনি একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন প্রাথর্না করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। পরে ২১ এপ্রিল তিনি দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তি পান। এর আগে ২০ এপ্রিল অভিযুক্ত ফয়সল মিয়া তার বাড়িতে গিয়ে তার পুত্রবধুকে বলে রজব আলীর জুয়া খেলার একটি ভিডিও তাদের কাছে রয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে রজব আলীর জামিন হবে না। ভিডিওটি প্রকাশ না করতে এক লাখ টাকা দাবি করা হয়।
রজব আলীর পুত্রবধু স্বপ্না বেগম বলেন, ২০ এপ্রিল ফয়সল আমাদের বাড়িতে এসে ভিডিওটি দেখিয়ে এক লাখ টাকা দাবি করেন। তখন বাড়িতে আরও কয়েকজন নারী ছিলেন। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি চলে যান। এরপরই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এতে তাদের পরিবারের মানসম্মান ক্ষুণ্ন হয়েছে বলে জানান স্বপ্না।
তবে এ বিষয়ে অভিযুক্ত ফয়সল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন পাঠানো হবে।
মাধবপুর, এআই ভিডিও, সম্মানহানি মামলা, হবিগঞ্জ, সামাজিক যোগাযোগমাধ্যম