১০ মে ২০২৬

দৈনন্দিন

কমলগঞ্জে বাবার হেফাজতে থাকা শিশুকে তুলে নেওয়ার চেষ্টা মায়ের, উত্তেজনা

প্রতিনিধি, মৌলভীবাজার 

প্রকাশঃ ৯ মে, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বাবার হেফাজতে থাকা ১০ বছরের এক শিশুকে তুলে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ ফাঁড়িতে হামলা ও পরবর্তীতে অভিযুক্তদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, জানা গেছে, শুক্রবার (৮ মে) জুমার নামাজের সময় যখন পুরুষরা মসজিদে, ঠিক তখনই শমশেরনগরের পার্শবর্তী পাইকপাড়া ভূইগাঁও এলাকায় কবির আহমেদ চৌধুরীর বাড়িতে যান তার স্ত্রী নাজিরা আক্তার রুজিসহ কয়েকজন। এসময় তারা শিশু নেহা চৌধুরীকে (১০) তুলে নেওয়ার চেষ্টা করেন। এসময় কবির আহমেদের লোকজন বাধা দেন। এতে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। 

এদিকে, পুলিশ ফাঁড়ির ভেতরে অভিযুক্ত নাজিরা আক্তার ও তার সহযোগীরা কর্তব্যরত পুলিশের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ ওঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফাঁড়ির ভেতরে বিশৃঙ্খলা করছিলেন অভিযুক্তরা। 

শিশুর বাবা কবির আহমেদ চৌধুরী বলেন, ২০০৭ সালে নাজিরা আক্তার রুজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমাদের দুটি সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই নাজিরা তার বাবার বাড়িতে থাকছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি পারিবারিক অনুষ্ঠানে আমার মেয়ে নেহাকে নিয়ে আসি। এরপর নেহা আর তার মায়ের কাছে ফিরতে চায়নি। এ ঘটনায় নাজিরা আমার বিরুদ্ধে মৌলভীবাজার আদালত ও কুলাউড়া থানায় পৃথক দুটি অপহরণ মামলা করেন। তবে উভয় ক্ষেত্রেই আদালত নেহার জবানবন্দি গ্রহণ করে তাকে আমার হেফাজতে রাখার নির্দেশ দেন। 

তিনি বলেন, শুক্রবার তারা এসে আমার মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এসময় তাদের হাতে অস্ত্র ছিল বলে দাবি করেন কবির আহমেদ।

তবে অভিযোগের বিষয়ে নাজিরা আক্তার রুজি বলেন, আমি আমার মেয়েকে নিতে এসেছি। ফাঁড়ির ভেতরে কোনো কিছুই হয়নি। 

এ বিষয়ে  শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা শিশুটিকে উদ্ধার করে দিয়েছি। তবে পুলিশের সঙ্গে অপ্রীতিকর ঘটনার বিষয়টি তিনি এড়িয়ে যান।

এ বিষয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, শিশুর মায়ের সাথে কিছু লোকজন ছিল। তাদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়েছে বলে জেনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কমলগঞ্জ, শিশু, বাবার হেফাজত, শিশুকে তুলে নেওয়ার চেষ্টা, উত্তেজনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ