০৪ মার্চ ২০২৬

দৈনন্দিন

সুনামগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা

'রাস্তা থেকে হুনি, মানুষ বলতাছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন।’

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১০ এপ্রিল, ২০২৫ ৭:০৮ অপরাহ্ন

ছবিঃ সুনামগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে এবং তা আরও উন্নতি করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন,  ‘সাধারণ মানুষ বলতাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। ওই রাস্তা থেকে হুনি, মানুষ বলতাছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন।’

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘আমাদের থানার নিজস্ব কিছু হাতিয়ারও আমরা হারিয়েছি। সবগুলো উদ্ধার হয়নি। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। সেগুলো উদ্ধার হলে পরিস্থিতির আরও উন্নতি হবে।’ 

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা কি আগের চেয়ে ভালো হয়নি?”

সম্প্রতি দেশের দুই বিভাগীয় শহরে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভকালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের বিষয়ে তিনি বলেন, ‘ঘটনা কিছু ঘটবে। আমরা প্রতিকার নিয়েছি কি না, সেটা দেখার বিষয়। যেসব জায়গায় ঘটনা ঘটছে, যারা এই অপকর্ম করেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও কেউ যদি এ রকম অপরাধ করতে যায়, আমরা আইনের আওতায় নিয়ে আসব।’

শান্তিগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা অবনতির প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “সবাইকে সচেতন হতে হবে। মানুষকে বলতে হবে, ভাই, তোমাদের জন্য আমাদের থানার বদনাম হচ্ছে। কোথাও আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হলেই ব্যবস্থা নেওয়া হবে।”

এদিন বিকেলে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের গোবিন্দপুর এলাকায় গিয়ে প্রতীকীভাবে এক কৃষকের ধান কেটে হাওরে বোরো ধান কাটার মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, “কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। সরকার সরাসরি ধান কিনবে। যদি কোথাও সিন্ডিকেট তৈরি হয়, আমরা তা সোজা করে দেব।”

এরপর কৃষকদের সঙ্গে ধানের দাম, হাওরের ফসল রক্ষা বাঁধ ও অন্যান্য কৃষি ইস্যু নিয়ে মতবিনিময় করেন উপদেষ্টা।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মুশফিকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা, সুনামগঞ্জ, আইনশৃঙ্খলা, কৃষি উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ