জাতিসংঘ ফোরামে অংশ নিতে কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ২ মে, ২০২৬ ১০:০১ অপরাহ্ন
জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’ (আইএমআরএফ)— এ অংশগ্রহণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামীকাল ভোরে যুক্তরাষ্ট্র রওনা হবেন।
তার সফরসঙ্গী হিসেবে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত থাকবেন। এ ছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্কে প্রতিনিধি দলের সাথে যুক্ত হবেন।
উল্লেখ্য যে, জাতিসংঘ সাধারণ পরিষদের রেজল্যুশন ৭৩/৩২৬ অনুযায়ী আগামী ৫ মে থেকে ৮ মে পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই উচ্চপর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হবে। এই ফোরামটি মূলত ‘গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার প্রধান আন্তঃসরকারি বৈশ্বিক প্ল্যাটর্ফম।
সফরের প্রথম দুই দিন প্রতিনিধিদলটি বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেবেন এবং পরবর্তী দিনগুলোতে মূল অধিবেশনে অংশগ্রহণ করে অভিবাসন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও সাফল্য তুলে ধরবেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধিদলটি সফর শেষে আগামী ১১ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
আইএমআরএফ ২০২৬, জাতিসংঘ ফোরাম, প্রবাসী কল্যাণমন্ত্রী, নিউইয়র্ক সফর, অভিবাসন বাংলাদেশ