সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ২ মে, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ন
সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টির মধ্যেই সিলেটে এসে পৌছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় তাকে বহনকারী ফ্লাইট সিলেটে অবতরণ করে বলে জানিয়েছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
এসময় প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি রওনা হন হযরত শাহ জালাল (র.) মাজার অভিমুখে। এই মাজার জিয়ারতের পর তিনি যাবেন হযরত শাহ পরাণ (র.) মাজারে।
মাজার জিয়ারতের পর সকাল ১১টায় শহরের চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ যোগ দেবেন সরকারপ্রধান। এরপর ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এরপর প্রধানমন্ত্রী সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করবেন সরকারপ্রধান। জেলা পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে এটি একটি নতুন কর্মসূচি, যা বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।
বিকাল ৫টায় প্রধানমন্ত্রী শহরের শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এ সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ জানুয়ারি সেখানকার আলিয়া মাদ্রাসায় জনসভার মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শনিবারই প্রথম সিলেট সফর করছেন তারেক রহমান।
সিলেট, প্রধানমন্ত্রী, তারেক রহমান