শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৬ ৬:০২ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীর মুঠোফোন নম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে হয়রানির অভিযোগে এক দোকান কর্মচারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর জালালাবাদ থানা পুলিশ ওই যুবককে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে আসে। পরে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক আশরাফুল ইসলাম (২৫) বিশ্ববিদ্যালয়-সংলগ্ন মদিনা মার্কেটের একটি প্রিন্টিং দোকানের কর্মচারী। তার বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়।
প্রক্টর অফিস ও ভুক্তভোগী শিক্ষার্থীর সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, সম্প্রতি ওই শিক্ষার্থী প্রেজেন্টেশন পেপার প্রিন্ট করতে মদিনা মার্কেটের একটি দোকানে যান। এ সময় অতিরিক্ত টাকা দাবি নিয়ে দোকান কর্মচারীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে শিক্ষার্থী কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে আসেন।
অভিযোগ রয়েছে, এরপর ওই কর্মচারী ফোন করে আরও টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে মদিনা মার্কেট এলাকায় গেলে ‘দেখে নেওয়ার’ হুমকিও দেন। একপর্যায়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে শিক্ষার্থীর ফোন নম্বর ছড়িয়ে দেন।
এর জেরে গত দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অচেনা ব্যক্তিরা ফোন ও মেসেজ দিয়ে শিক্ষার্থীকে অশোভন ও অনৈতিক প্রস্তাব দিয়ে হয়রানি করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. সাদমিম হাসান সিফাত বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দোষ স্বীকার করেছেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষার্থীর নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল হাবিব বলেন, একজন নারী শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে দিয়ে তাকে মুঠোফোনে হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হয়রানি, আটক