২৮ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে ডুবেছে ফসলি জমি

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৬ ৯:০২ অপরাহ্ন


টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অন্তত ৭০ হেক্টর বোরোধান পানিতে তলিয়ে গেছে। একই সঙ্গে আংশিকভাবে নিমজ্জিত হয়েছে আরও প্রায় ৩০০ হেক্টর জমি। এতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।

 

জানা গেছে, গত কয়েক দিনের বৃষ্টিপাতে পতনউষার, মাধবপুর ও শমসেরনগরসহ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়। একইসঙ্গে উজানের ঢল নামায় পরিস্থিতির আরও অবনতি হয়। এতে কেওলার হাওর, মাঝেরগাঁও, ভান্ডারীগাঁও, মুন্সিবাজার, আলীনগর ও আদমপুরসহ বিভিন্ন এলাকায় পাকা বোরোধান তলিয়ে যায়। পাশাপাশি সবজি ক্ষেত ও কিছু বসতঘরও পানিতে ডুবে যায়।

 

কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, এ বছর উপজেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে বোরোধান চাষাবাদ করা হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিপাত ও উজানের ঢলে উপজেলার বিভিন্ন হাওরের ৭০ হেক্টর ফসলি জমি পানিতে ডুবে গেছে। একইসঙ্গে আরও ৩০০ হেক্টর জমি আংশিক ডুবে গেছে। 

 

কমলগঞ্জের কেওলার হাওরের কৃষক আনোয়ার খান বলেন, ধান কাটার সময় হাওরের সকল ধান ডুবে গেছে। অনেক কৃষক ঋণ করে ধান চাষ করছেন। আজ ধানী ফসলীর সাথে আমাদের স্বপ্নটা ডুবে গেছে। আসলে কৃষকদের ভাগ্যটাই খারাপ। ঢলের পানি দীর্ঘ সময় নিমজ্জিত থাকলে পুরোদমে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

 

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে মঙ্গলবার দুপুর পর্যন্ত সম্পূর্ণ বোরোধান ৭০ হেক্টর ও আংশিক ৩০০ হেক্টর নিমজ্জিত হয়েছে। তাছাড়া সবজি ক্ষেতের বিষয়ে এখনও তথ্য আসেনি। পানি দ্রুত নেমে গেলে তেমন ক্ষয়ক্ষতি হওয়ার কথা নয় বলে তিনি জানান।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

কমলগঞ্জ বন্যা, বোরোধান ক্ষতি, পাহাড়ি ঢল, মৌলভীবাজার কৃষক, হাওর প্লাবিত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ