২৫ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

এদেশে আর কোন ফ্যাসিবাদ কায়েম হতে দেয়া হবেনা: মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ন


জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়কারী ও মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসে বিএনপি জুলাই সনদকে উপেক্ষা করে ও গণভোটের রায়কে বাতিল করে জাতির সাথে প্রতারণা করেছে। তারা দেশে নতুন ফ্যাসিবাদ কায়েমের রাজনীতি শুরু করেছে। নৃশংস ছাত্রলীগের মতো ছাত্রদলকে লেলিয়ে দিয়ে তারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।  

 

তিনি বলেন, জ্বালানী সংকট নিরসনে ব্যর্থ সরকার উল্টো জনগণের সাথে মশকরা করছে। জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে বাস ভাড়াসহ নিত্যপণের দাম হু হু করে বাড়ছে। বিএনপির সন্ত্রাসীরা জনগণের ভোটে নির্বাচিত একজন এমপিকে নাজেহাল করেছে, তার গাড়ী ভাংচুর করা হয়েছে। 

 

শনিবার (২৫ এপ্রিল) বাদ আসর নগরীর কোর্ট পয়েন্টে সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য থানায় জিডি করতে গিয়ে ঢাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপর ছাত্রদল সন্ত্রাসীরা থানার ভেতরে পুলিশের সামনে নৃশংসভাবে হামলা করেছে। চট্টগ্রামে ছাত্রদল একজন ছাত্রের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে। এভাবে কোন দেশ চলতে পারেনা। এদেশে আর কোন ফ্যাসিবাদ কায়েম হতে দেয়া হবেনা। নব্য ফ্যাসিবাদীদেরকেও অতীতের ফ্যাসিবাদের পরিনতি বরণ করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে ছাত্র-জনতা রাজপথে রয়েছে। 

 

বিক্ষোভ সমাবেশ শেষে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানী সংকট নিরসন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে একটি গণমিছিল বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। 

 

গণমিছিলে ১১ দলীয় ঐক্যের মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ১১ দলের অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। 

 

মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, বাংলাদেশ লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বিডিপি সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সেক্রেটারী মাওলানা জুবায়ের খান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু প্রমুখ। 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট বিক্ষোভ সমাবেশ, ১১ দলীয় ঐক্য, জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, সিলেট রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ