২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

হাওরের ফসল ১০-১২ দিনে কাটা শেষ হবে, জ্বালানি সংকট নেই: সুনামগঞ্জের ডিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ন


সুনামগঞ্জের নবনিযুক্ত ডেপুটি কমিশনার (ডিসি) মোহাম্মদ মিনহাজুর রহমান জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নিয়ে সমসাময়িক নানা সমস্যা তুলে ধরেন।

ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, হারভেস্টারসহ অন্যান্য জ্বালানি খাতে কোনো সংকট নেই। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে প্রতিদিন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) যোগাযোগ রাখছেন। প্রয়োজন হলে অতিরিক্ত জ্বালানি সরবরাহের নিশ্চয়তাও দেওয়া হয়েছে।

হাওরের ফসল কাটা প্রসঙ্গে তিনি বলেন, কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জনপ্রতিনিধি ও স্থানীয় দায়িত্বশীল প্রতিনিধিদের সমন্বয়ে কাজ চলছে। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে হাওরের সব ফসল কাটা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফসল রক্ষা বাঁধের পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সংক্রান্ত বিষয়ে ডিসি স্পষ্ট করে জানান, কোনো অবস্থাতেই অবৈধভাবে অর্থ প্রদানের সুযোগ নেই। সংশ্লিষ্টদের কাজের পারফরম্যান্সের ভিত্তিতে অর্থ দেওয়া হবে এবং নির্ধারিত দুটি কমিটি বিষয়টি তদারকি ও তদন্ত করবে।

তবে সভা শুরুর আগে আমন্ত্রণ তালিকা নিয়ে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, বিতর্কিত ও স্বীকৃত ভুয়া 'জুলাই যোদ্ধা'কে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। পরে জ্যেষ্ঠ সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সভা শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তারসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, ডেপুটি কমিশনার, মোহাম্মদ মিনহাজুর রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ