২২ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

পরিবহন খাতে ব্যয় বৃদ্ধি, সিলেটে দ্রুত ভাড়া নির্ধারণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ন


জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে পরিবহন খাতে ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দ্রুততম সময়ের মধ্যে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছেন সিলেটের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। একই সঙ্গে তাঁরা সতর্ক করে দিয়ে বলেছেন, ভাড়া সমন্বয়ে আর বিলম্ব হলে পরিবহন বন্ধ রাখতে বাধ্য হবেন মালিক-শ্রমিকেরা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এক সভায় এ দাবি তোলেন নেতারা। সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতারা জানান, শুধু সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিই নয়, গত কয়েক বছর ধরে গাড়ির যন্ত্রাংশের দামও অস্বাভাবিক হারে বেড়েছে। তবু এত দিন ভাড়া বাড়ানো হয়নি। এরই মধ্যে জ্বালানি সংকটের কারণে পরিবহনের পরিচালন ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ভাড়া সমন্বয়ের একটি প্রস্তাবনা দিলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর সিদ্ধান্ত আসেনি বলে অভিযোগ করেন তাঁরা।

নেতারা বলেন, বেশি দামে জ্বালানি কিনে আগের ভাড়ায় গাড়ি চালিয়ে যাওয়া মালিক ও শ্রমিক কারও পক্ষেই আর সম্ভব নয়। তাই জ্বালানি তেলের দাম ও গাড়ির যন্ত্রাংশের বাজারমূল্য বিবেচনায় রেখে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে হবে।

জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি হিরন মিয়া ও আবুল হাছান চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু, যুগ্ম সম্পাদক আবেদ চৌধুরী তারেক প্রমুখ। এ ছাড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিমসহ বিভিন্ন পরিবহন সংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, পরিবহন, মূল্যবৃদ্ধি,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ