০৯ জুন ২০২৬

রাজনীতি / সরকার

মরিশাসে পুনরায় খুলছে বাংলাদেশের শ্রমবাজার, দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৮ জুন, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন


দীর্ঘদিন বন্ধ থাকার পর আফ্রিকার দ্বীপদেশ মরিশাসে আবারও চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার। বিশেষ করে দেশটির টেক্সটাইল (বস্ত্র) খাতের জন্য বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে মরিশাস সরকার।

 

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন (আইএলসি) ২০২৬-এর ফাঁকে দুই দেশের মন্ত্রিপর্যায়ের এক দ্বিপাক্ষিক বৈঠকে এই ইতিবাচক সিদ্ধান্ত আসে।

 

সোমবার (৮ জুন) জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে সকাল সাড়ে ৯টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মরিশাসের পক্ষে নেতৃত্ব দেন দেশটির শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম।

 

বৈঠকে মরিশাসে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। খুব শিগগিরই এই বাজার চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই করার বিষয়ে দুই দেশই আশাবাদ ব্যক্ত করেছে। মরিশাসের শ্রমমন্ত্রী আশ্বস্ত করেছেন, সমঝোতা স্মারকের একটি খসড়া দ্রুতই বাংলাদেশের কাছে পাঠানো হবে।

 

মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে মরিশাস অত্যন্ত আগ্রহী। বিশেষ করে আমাদের টেক্সটাইল শিল্পের জন্য প্রচুর দক্ষ কর্মী প্রয়োজন। কর্মী নেওয়ার পাশাপাশি বাংলাদেশের সম্ভাবনাময় টেক্সটাইল খাতে মরিশাস সরকার বিনিয়োগ করতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

 

বৈঠকের শুরুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরিশাস সরকারকে শুভেচ্ছা জানান।

 

তিনি সমঝোতা স্মারকটি দ্রুত সই করার জন্য মরিশাস সরকারকে অনুরোধ জানিয়ে বলেন, শুধু টেক্সটাইল শিল্পই নয়, বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও অ্যাকাউন্ট্যান্টসহ বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি মরিশাসে পাঠাতে বাংলাদেশ সরকার প্রস্তুত ও আগ্রহী।

 

সবশেষে তিনি মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

 

বৈঠকে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদা সোবহান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম, বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো: আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

মরিশাস শ্রমবাজার, প্রবাসী কর্মসংস্থান, টেক্সটাইল খাত, বাংলাদেশি কর্মী, বৈদেশিক কর্মসংস্থান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ