১৯ এপ্রিল ২০২৬

দেশজুড়ে

হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের জীবনবিনাশী ব্যর্থতা: প্রধানমন্ত্রী

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৮ এপ্রিল, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন

ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত

সারা দেশে শিশুদের হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ক্ষমাহীন অপরাধ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

 

তিনি বলেন, ‘আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।’

 

শনিবার (১৮ এপ্রিল) ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথাগুলো বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে ত্বরিত ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতির অবনতি রোধ করা সম্ভব হয়েছে। এ জন্য আমি সব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীসহ সবাইকে ধন্যবাদ জানাই। যাঁরা তাঁদের প্রিয় সন্তান হারিয়েছেন, সেই সব মা–বাবা ও স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

 

তারেক রহমান বলেন, ‘দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে জবাবদিহির আওতায় এনে নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি।’ এ সময় উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 

 

তিনি বলেন, ‘বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত ল্যাব—প্রায় সবকিছুই ঢাকাকেন্দ্রিক। এই বাস্তবতা থেকে বেরিয়ে এসে জেলা ও উপজেলাভিত্তিক হাসপাতালগুলোর মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শহর ও গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করে সেবার বিকেন্দ্রীকরণ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। যদিও কাজটি এক মাস বা এক বছরে বাস্তবায়ন করা সম্ভব নয়; তবুও সরকার ধাপে ধাপে এটি অর্জনের পথে রয়েছে।’

 


শেয়ার করুনঃ

দেশজুড়ে থেকে আরো পড়ুন

হামের টিকা, প্রধানমন্ত্রী বক্তব্য, টিকাদান কর্মসূচি, শিশু স্বাস্থ্য, জনস্বাস্থ্য বাংলাদেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ