১৫ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

সিলেটে শিক্ষায় বৈষম্য কমাতে অভিন্ন নীতিমালার তাগিদ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ এপ্রিল, ২০২৬ ১:৩৯ অপরাহ্ন

ছবিঃ শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

সিলেট অঞ্চলে বিভিন্ন ধারার শিক্ষাব্যবস্থার কারণে সৃষ্ট বৈষম্য কমাতে অভিন্ন নীতিমালার ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, একই শহরে শিক্ষার মান ও সুযোগ-সুবিধায় বড় ধরনের পার্থক্য দীর্ঘমেয়াদে সামাজিক ভারসাম্য নষ্ট করতে পারে।

বুধবার (১৫ এপ্রিল) নগরের মেন্দিবাগ অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সিলেটে এমন বাস্তবতা তৈরি হয়েছে একদিকে উচ্চ ব্যয়ে পরিচালিত আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান, অন্যদিকে অনেক প্রতিষ্ঠান এখনও ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এই ব্যবধান কমানো এখন সময়ের দাবি।

তিনি বলেন, ইংলিশ মিডিয়াম, বাংলা মাধ্যম ও মাদ্রাসা এই তিন ধারার শিক্ষার মধ্যে সমন্বয় না থাকায় শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা ও প্রতিযোগিতার ক্ষেত্রে বৈষম্য তৈরি হচ্ছে। শিক্ষা যদি সমতার ভিত্তিতে গড়ে না ওঠে, তাহলে সমাজে অসমতা আরও বাড়বে।

মন্ত্রী আরও বলেন, সরকার ইতিমধ্যে শিক্ষা ব্যবস্থাকে একটি অভিন্ন কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নিয়েছে, যাতে সব ধারার শিক্ষার্থীরা ন্যূনতম মানসম্পন্ন শিক্ষা পায়। এ জন্য কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

সভায় তিনি উল্লেখ করেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে অর্থনৈতিক সক্ষমতা তুলনামূলক বেশি। কিন্তু সেই আর্থিক শক্তি শিক্ষার মানোন্নয়নে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। ফলে একই অঞ্চলের ভেতরেই সুযোগের অসম বণ্টন দেখা যাচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, ডলার ও পাউন্ডে এগিয়ে থাকলেই হবে না, শিক্ষার মানেও সিলেটকে এগিয়ে থাকতে হবে। তিনি প্রবাসী সমাজসহ স্থানীয় জনপ্রতিনিধিদের শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, শুধু নীতিমালা প্রণয়ন করলেই বৈষম্য দূর হবে না এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষা প্রশাসন, শিক্ষক ও প্রতিষ্ঠান পরিচালকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের পাশাপাশি শিক্ষার সামগ্রিক মান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, ডেপুটি কমিশনার সারওয়ার আলম, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক  রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, শিক্ষামন্ত্রী, এহসানুল হক মিলন,শিক্ষা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ