
হবিগঞ্জের মাধবপুরে জমি ও বসতবাড়ি বণ্টন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে অর্ধ শতাধিক নারী ও পুরুষ আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোহাম্মদ আলী ও প্রতিবেশী সানু মিয়ার ছেলে কামাল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও ঘর বণ্টনকে কেন্দ্র করে বিরোধ চলছিল।
সোমবার বিষয়টি সমাধানের উদ্দেশ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালীন কথাকাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনায় মোহাম্মদ আলী ও আরও অর্ধ শতাধিক মানুষ আহত হন। গুরুতর অবস্থায় মোহাম্মদ আলীকে ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে প্রেরণ করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
হবিগঞ্জ, সিলেট, সংঘর্ষ, মৃত্যু


